জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

এর একটি উদ্যোগ

সহযোগিতায়ঃ

মুগ্ধর জন্য এলিজি

আমার সেজোখালা মৃত্যুর আগে পাকা পেঁপে খেতে চেয়েছিলেন কিন্তু ওই সময়ে লাকসামে কর্মরত খালুজান শত চেষ্টাতেও তা জোগাড় করতে পারেননি আর এ সংবাদে মানসিকভাবে আহত আমার নানি আমৃত্যু পাকা পেঁপে খাওয়া থেকে বিরত ছিলেন।

 

‘মুগ্ধ’ আমার রক্তের কেউ নয় অথচ

ইউটিউবে দেখা ওর নিষ্পাপ মুখ আমাকে সন্তানের কথা মনে করিয়ে দিয়েছিল

টিয়ার শেল আর তীব্র ধোঁয়ার মধ্যে

চোখ মুছতে মুছতে ‘পানি লাগবে পানি লাগবে’ বলে ছুটতে থাকা ছেলেটি

প্রচণ্ড বুলেটে হঠাৎ লুটিয়ে পড়লে মনে হলো

‘মুগ্ধ’ নয়- লুটিয়ে পড়ল আমার স্বদেশ; বাংলাদেশ-

প্যাকেট থেকে ছড়িয়ে পড়া পানির বোতলগুলো ভিজে উঠলে রক্তে আমার চোখ দিয়ে অশ্রু নয় যেন ফিনকি দিয়ে বেরিয়ে গেল একঝাঁক তীব্র বুলেট

 

এরপর আমি আর ঘুমুতে পারি না

আমার রাতজুড়ে শুধু ক্ষোভ শুধু ঘৃণা

পানির গ্লাস হাতে নিলেই তাতে ভেসে ওঠে ‘মুগ্ধ’র মুখ; রক্তের তীব্র ধারা।