ঘুমাতে পারি না জুলাইর রাতগুলো হিম
হয়ে আসে শরীর হৃৎপিণ্ড অস্থিমজ্জা
অজস্র গুলির শব্দের আঁধার কালো
পঁচিশে মার্চের কথা স্মরণে আসছে যেন।
টিনিট্রন ফ্যাল্ট স্ক্রিনে ছড়িয়ে যাওয়া রক্তস্রোত
এত রক্ত কোনোদিন কেউ দেখেনি এভাবে স্বাধীন স্বদেশে
কত দ্রুত লাফিয়ে বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান।
প্রথম সাহসী যুবক আবু সাঈদ রংপুরে
ইতিহাসের মহানায়ক, যাকে খুব কাছ থেকে
গুলি করে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে
নির্মম নির্দয় পৈশাচিকতায় স্তব্ধ হয়ে
আসে বোধ, দরিদ্র কৃষকের সন্তান রক্ত দিয়ে
মর্মমূলে আঘাত করে জাগিয়ে দিয়েছে জাগো-
জাগো লাখো কোটি জনপদে বাংলার তরুণী তরুণ নওজোয়ান…
ঢাকার উত্তরায় পানি লাগবে পানি বলে দীপ্ত স্বরে
ছুটে বেড়াচ্ছিল অসামান্য হৃদয়বান যুবক মুগ্ধ
গুলি টিয়ারশেল উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিল সে
মাথায় গুলি করে হত্যা করা হলো তাকে আচানক
সাতানব্বইটি হেলিকপ্টার উড়ালো আকাশে
জনসাধারণের ট্যাক্সের টাকায় নির্বিচারে গুলি
সাউন্ড গ্রেনেডে নয়ামাটি মহল্লায় উন্মুক্ত ছাদে
পিতার কোলে মাথায় বুলেটবিদ্ধ হলো শিশু রিয়া মনি…
নিপুণ লক্ষ্যভেদ স্নাইপার লোকচক্ষুর আড়ালে থেকে
গুলি করে করে নিভিয়ে দিচ্ছে শত শত জীবন প্রদীপ।
দীর্ঘ দীর্ঘতর আরও দীর্ঘ হয়ে উঠলো জুলাই
রক্তে রক্তে গাঢ় প্রগাঢ় হলো দেখি যেন
পতাকার লাল সূর্য সহস্র সহস্র শহিদের খুনে খুনে
প্রলম্বিত হয়ে চলেছে জুলাই রক্তের বন্যায়
মর্গগুলো উপচে পড়েছে লাশে লাশে নামছে রক্তস্রোত
একত্রিশে জুলাই বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই
চৌত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই ছত্রিশে জুলাই…
রক্তের স্রোত থামেনি এখনও প্রতিদিন শুনি
মৃত্যুর সংবাদ গুলিবিদ্ধ মুমূর্ষু আছে যারা নিবিড় পর্যবেক্ষণে
শেষ নিশ্বাস ত্যাগ করছে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে।
Copyright © July Graffiti by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook